চট্টগ্রাম প্রতিনিধিঃ দেশব্যাপী মহামারি করোনা সচেতনতায় চলছে লকডাউন। এমন সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা বাড়ি বাড়ি গিয়ে ফ্রিজে রাখা পণ্য ফেলে দিচ্ছে,ফ্রিজ ভাংচুর করছে এমন গুজব ছড়িয়ে পড়লে তার সুযোগ নিয়ে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুলিশের ভুয়া পরিচয় দিয়ে দোকানপাট বন্ধ করতে হুমকি দিয়ে টাকা দাবি ও ফ্রিজে পণ্য মজুত দেখে ভয়ভীতি দিয়ে টাকা দাবি করছিলেন দুই যুবক। এতে এলাকাবাসীর সন্দেহ হলে দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। সোমবার(৩০মার্চ) সকালে উপজেলার হোছনাবাদ ইউনিয়নের পূর্ব খিলমোগল মাইজ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।আটক দুই যুবক হলেন উপজেলার পারুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আরাফাতুল ইসলাম (২০) ও চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের চারাবটতল এলাকার আবদুর রহিম (২৬)।রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব হোসেন বলেন, আটক দুজনকে থানায় নিয়ে আসা হয়েছে। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ওই দুজন পুলিশের ভুয়া পরিচয় দিয়ে ভয়ভীতি দেখিয়ে টাকা চেয়েছেন। তাঁদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করা হবে।